শিরোনাম

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

সিটিজেন ডেস্ক
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, মাননীয়, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি উল্লেখ করেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে পুণ্যময় সময় অতিবাহিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল ফিতর আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বিশ্বজুড়ে সকল মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সুখ কামনা ও প্রার্থনা করেন। একইসঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বিদ্যমান বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তার শেষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ সম্মানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

/এমএকে/