শিরোনাম

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে লোগো, থিম সং ও মাসকট আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে লোগো, থিম সং ও মাসকট আহ্বান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলস আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. মহিউদ্দিন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে bpmgoldcup@gmail.com ঠিকানায় ই-মেইলে লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলস পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, লোগো পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত হতে হবে। থিম সং অডিও ও ভিডিও উভয় ফরম্যাটে জমা দিতে হবে। একইভাবে মাসকট ও স্লোগানও ই-মেইলে পাঠাতে হবে।

প্রতিটি জমাদানের সঙ্গে অংশগ্রহণকারীর সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রতিযোগিতায় নির্বাচিত সেরা লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলসের নির্মাতাদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে এর আগে যারা লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন হবে না।

এর আগে গত ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ঘোষণা দেন আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আয়োজন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী এ প্রতিযোগিতার প্রস্তুতি চলছে।

/জেএইচ/