মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

এতে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি আরোহী থাকতে পারবে না বলেও জানানো হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া অপ্রয়োজনে হর্ন বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত গতিসীমা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। যাতে চালক আপনাকে দেখতে পায়। এছাড়াও অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

লেন পরিবর্তন কিংবা টার্ন নেওয়ার পূর্বে ইন্ডিকেটর ব্যবহার করুন।

ঝড়-বৃষ্টি, কুয়াশা বা বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যানজট কিংবা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য না হারিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।

মাদক সেবন করে গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। তন্দ্রাচ্ছন্ন চোখেও গাড়ি চালানো যাবে না বলে জানিয়েছে পুলিশ। এছাড়া উল্টো পথে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সবশেষ চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে চলাচলের সময় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

/জেএইচ/