ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, জেনে নিন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লোগো

জ্বালানির দাম বৃদ্ধির পর এবার দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহণ মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর ইতোমধ্যে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

বিআরটিএর পুনর্নির্ধারিত ভাড়ায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব রাখা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা থেকে দেশের সবচেয়ে দূরের বাস রুট টেকনাফ যেতে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি গুনতে হবে ১ হাজার ৪৩৫ টাকা। আগের ভাড়া ছিল ১ হাজার ৩০৯ টাকা। অর্থাৎ এই রুটে ভাড়া বেড়েছে ১২৬ টাকা। একই রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৬ টাকা।

ঢাকা থেকে কক্সবাজারের ৩৯৬ কিলোমিটার পথেও বেড়েছে বাসভাড়া। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ২৩৩ টাকা। আগে এ রুটে যাত্রীদের দিতে হতো ১ হাজার ১২৪ টাকা। ফলে ভাড়া বেড়েছে ১০৯ টাকা। আর ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৬৭ টাকা। ঢাকা-চট্টগ্রাম রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৬৭ টাকা বাড়িয়ে ৭৫৭ টাকা করা হয়েছে। ২৪২ কিলোমিটার এই পথে আগের নির্ধারিত ভাড়া ছিল ৬৯০ টাকা।

ঢাকা-সিলেট রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট পর্যন্ত ২৫৭ কিলোমিটার পথের ৪০ আসনের বাসের ভাড়া ৬৮ টাকা বাড়িয়ে ৭৯৬ টাকা করা হয়েছে। আগে এই রুটে ভাড়া ছিল ৭২৮ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬২৪ টাকা।

ঢাকা-কুমিল্লা রুটে ১০২ কিলোমিটার পথের জন্য ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২৮ টাকা। ৫১ আসনের বাসে দিতে হবে ২৫৭ টাকা। এই রুটে বাসভাড়া ১৮ থেকে ৩১ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে, পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে বরিশাল ও খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সড়কপথে যাতায়াতের সময় অনেক কমেছে। আগে এসব পথে ফেরিতে নদী পার হতে হতো। এখন ঢাকা থেকে বরিশালে যেতে প্রায় তিন থেকে চার ঘণ্টা এবং খুলনায় পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা লাগে। তবে সময় বাঁচলেও এসব রুটে যাত্রীদের তুলনামূলক বেশি ভাড়া দিতে হচ্ছে।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের দূরত্ব ১৭১ কিলোমিটার। এই পথে ৪০ আসনের বাসের ভাড়া ৫৩৪ টাকা থেকে বাড়িয়ে ৬২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৯৫ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৫৩৪ টাকা।

অন্যদিকে, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ দিয়ে ঢাকা থেকে খুলনা যেতে ২০৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ৪০ আসনের বাসে এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৩৪ টাকা। ৫১ আসনের বাসে ভাড়া ৫৭৬ টাকা। এ পথে প্রতিটি যাত্রীর জন্য টোল বাবদ প্রায় ১০৭ টাকা খরচ হয়।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটার দূরত্ব ২৮০ কিলোমিটার। এ রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৮৮ টাকা বাড়িয়ে ৯৯৬ টাকা করা হয়েছে। আগে ভাড়া ছিল ৯০৮ টাকা। ৫১ আসনের বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৮১ টাকা।

/এসবি/