এবার বাড়লো বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবার বাড়লো বাসভাড়া

জ্বালানির দাম বৃদ্ধির পর এবার দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ে। কিন্তু জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএ’র সাথে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া রয়েছে। ১৭ পয়সা বাড়লে তা দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি বর্তমান ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হতে পারে।

এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া, ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি।

/এসবি/