রোগীদের টেস্ট দিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা নেন চিকিৎসকরা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রোগীদের টেস্ট দিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা নেন চিকিৎসকরা
প্রতীকী ছবি: রোগীদের ডায়াগনস্টিক পরীক্ষার জন্য পাঠিয়ে চিকিৎসকদের বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন পাওয়ার তথ্য উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে

রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে চিকিৎসকেরা বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন নেন। পাশাপাশি সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি বড় অংশ নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন সংস্থাটির আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

গবেষণায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি। অর্থাৎ দায়িত্ব পালন না করেও অনেক চিকিৎসক সরকারি বেতন-ভাতা নিচ্ছেন।

স্বাস্থ্য খাতের কেনাকাটায়ও বড় ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও রয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হওয়ার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো।

প্রতিবেদনে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। পরে ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।

স্বাস্থ্য খাতের জনবল ব্যবস্থাপনাতেও রাজনৈতিক প্রভাব ও দুর্বলতার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১ লাখ ৮০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এ ছাড়া কাগজনির্ভর ব্যবস্থাপনার কারণে জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে গবেষণাটি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে প্রতিষ্ঠান বাড়লেও মান নিয়ন্ত্রণ ও তদারকির ব্যবস্থা সেই অনুপাতে উন্নত হয়নি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার অতিরিক্ত ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকির মধ্যে সমন্বয়হীনতা দায়ী। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও দুর্নীতিকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সততা ও নৈতিকতাকে প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার প্রয়োজন। আর্থিক অনিয়ম ও দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত।

দুর্নীতি ও অনিয়ম কমাতে বেশ কয়েকটি কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের নির্দিষ্ট চিকিৎসাপ্রতিষ্ঠান বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থায় রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবং স্বাধীন আপিলব্যবস্থা চালুর সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।

/এমআর/