শিরোনাম

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও আইরিন জুবাইদা খান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন আইরিন জুবাইদা খান। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র তুলে দেন তিনি। শনিবার (২৯ আগস্ট) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ পেশাজীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় নেতৃত্ব দিয়েছেন।

২০২০ সাল থেকে তিনি জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বৈশ্বিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে ছিলেন তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।

পরবর্তী সময়ে ২০১২ থেকে ২০১৯ মেয়াদজুড়ে আন্তর্জাতিক আইনি সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এ ২১ বছরের দীর্ঘ কর্মজীবনে ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বেশ কিছু বড় পদে দায়িত্ব সামলেছেন আইরিন খান।

মানবাধিকার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে মর্যাদাপূর্ণ ‘সিডনি পিস প্রাইজ’ পান তিনি। আইরিন খান ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে আলোচিত একটি বইও লিখেছেন। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড ল’ স্কুল থেকে আইনের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন।

/এমএকে/