শিরোনাম

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার রয়েছেন।

রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও ডিআইজি মো. সাইফুল ইসলাম, যারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। এছাড়া তালিকায় রয়েছেন ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মো. বরকতুল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস. এম. এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মো. মাশরুকুর রহমান খালেদের নাম রয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী সরকার জনস্বার্থে কোনো সরকারি কর্মকর্তাকে নির্ধারিত অবসরের বয়সসীমা পূর্ণ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

/এমআর/