কড়াইল ও ভাসানটেক বস্তির উন্নয়নে মডেল প্রকল্প, সহায়তায় বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কড়াইল ও ভাসানটেক বস্তির উন্নয়নে মডেল প্রকল্প, সহায়তায় বিশ্ব ব্যাংক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধিদল

রাজধানীর নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান বদলাতে কড়াইল ও ভাসানটেকের মতো বড় বস্তিগুলোকে ঘিরে বিশেষ ‘মডেল প্রকল্প’ হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়নের আশা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান। সরকারের এ পরিকল্পনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব ব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে।

ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা তুলে ধরে আবদুল মঈন খান জানান, শহরের ওপর বাড়তি চাপ সামলে ঢাকাকে বসবাসের জন্য আরও উপযোগী ও স্বস্তিদায়ক করতে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের ওপর যে চাপ আপনারা দেখছেন, অনেকে বলেন দুই থেকে তিন কোটি লোক এখন এ শহরে বসবাস করছে। ঢাকাকে আরও অধিকতর বসবাসযোগ্য এবং আরামদায়ক করতে আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলাপ করেছি এবং তারা পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

বস্তিবাসীদের নিয়ে সরকারের ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যারা দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে বস্তিতে বসবাস করেন, তাদের জীবনমান উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মডেল হিসেবে একটি বা দুটি বস্তি- যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি বস্তিকে আমরা চিহ্নিত করেছি। আশা করছি, দু-এক বছরের ভেতরে সেখানে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে পারব। তবে এ প্রকল্পে ঠিক কত টাকা খরচ বা বরাদ্দ হতে পারে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার বিষয়টিও উঠে আসে। এ খাতে বিশ্ব ব্যাংক ইতোমধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। বিশ্ব ব্যাংককে দেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার হিসেবে অভিহিত করে মঈন খান বলেন, দ্বিপাক্ষিক ভিত্তিতে অন্য দেশ থেকে ঋণ নিলে উচ্চ হারে সুদ দিতে হয়, কিন্তু বিশ্ব ব্যাংক সবচেয়ে কম সুদে অর্থ দিয়ে থাকে। এজন্য বাংলাদেশ সবসময় বিশ্ব ব্যাংককে প্রাধান্য দেয়।

বৈঠক শেষে বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে স্থানীয় সরকারের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। ঢাকাকে বাসযোগ্য করার সরকারি উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শহরের যে অংশগুলো বাসিন্দাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেগুলোর উন্নয়নে পাইলট প্রকল্পের মাধ্যমে মডেল হিসেবে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে কথা হয়েছে। আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেছি এবং বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র পরিসরে এমন উদ্যোগ নিতে চাই, যা বাসিন্দাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে।

বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির আরবান, রেজিলিয়েন্স অ্যান্ড ল্যান্ড বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবদেলরাজ্জাক এফ খলিল, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল এইচ মার্টিন এবং জ্যেষ্ঠ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ভেরোনিক মারি মোরিন ফ্লোইস্যাক। এ ছাড়া সরকারের পক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল বৈঠকে অংশ নেন।

/এমএকে/