বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-খুনের ঘটনা ঘটেনি: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-খুনের ঘটনা ঘটেনি: তথ্য প্রতিমন্ত্রী
মতবিনিময় সভায় কথা বলছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই ইতিবাচক পরিবর্তনগুলোও গণমাধ্যমে তুলে ধরা উচিত।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা প্রকাশ না করার জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন। তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরতে হবে। এতে কোনো বাধা নেই। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলোর কথাও গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।

অনলাইন সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। তাই সংবাদ ও শিরোনামে ঘটনার যথাযথ প্রেক্ষাপট তুলে ধরতে হবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তবে রাতারাতি এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার। গণমাধ্যমকর্মীদের সমস্যা, দাবি ও প্রস্তাব শুনে সেগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার উদ্দেশ্য।

সভায় অনলাইন এডিটরস ফোরামের সদস্যরা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তারা একটি লিখিত প্রস্তাবনাও হস্তান্তর করেন।

/এফআর/