শীতের আগেই কমেছে বিদ্যুতের চাহিদা, বাড়ছে অব্যবহৃত কেন্দ্রের চাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শীতের আগেই কমেছে বিদ্যুতের চাহিদা, বাড়ছে অব্যবহৃত কেন্দ্রের চাপ
সারা দেশে সরবরাহের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন

গরমের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে বিদ্যুতের চাহিদা। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই গত দুই দিনে ভোরের কোনো কোনো ঘণ্টায় বিদ্যুতের সরবরাহ ৯ হাজার মেগাওয়াটে নেমে এসেছে। অথচ এক মাস আগেও রাতের শেষ ভাগে চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। এক মাস আগেও তা ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। শীত বাড়লে চাহিদা আরও কমবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

চাহিদা কমে যাওয়ায় জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এখন দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। মধ্যরাত ও রাতের শেষ ভাগে এসব কেন্দ্রের উৎপাদন প্রায় বন্ধ থাকছে।

তবে শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ শুরু হওয়ায় তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখা যাচ্ছে না। ফলে চাহিদা কমলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার চাপ থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছে না বিপিডিবি।

বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। এর আগের দিন শনিবার ভোর ৫টায় সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওই দিন বিকাল ৫টায় তা ছিল ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট।

বিপিডিবির হিসাবে, রবিবার দিনের সর্বোচ্চ উৎপাদন ছিল ১১ হাজার ৭৭ মেগাওয়াট। সন্ধ্যায় সর্বোচ্চ উৎপাদন হয় ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট।

তবে বিদ্যুতের চাহিদা কমার পেছনে শিল্পকারখানায় উৎপাদন কমে যাওয়ার প্রভাবও থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। তাদের ভাষ্য, রাজধানীসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদায় এর প্রভাব পড়তে পারে।

বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। এক মাস আগে একই সময়ে গড় সরবরাহ ছিল ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।

বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলে শীত শুরু হওয়ায় বিদ্যুতের ব্যবহার কমেছে। বিশেষ করে পাখার ব্যবহার কমে যাওয়ায় চাহিদা কমছে। রাজধানীতেও শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই অনেকে এসি ও পাখার ব্যবহার কমিয়েছেন।

তবে বিদ্যুতের চাহিদা কমার পেছনে শিল্পকারখানায় উৎপাদন কমে যাওয়ার প্রভাবও থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। তাদের ভাষ্য, রাজধানীসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদায় এর প্রভাব পড়তে পারে।

রবিবার বিকাল ৫টার সরবরাহের হিসাব অনুযায়ী, ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১২ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৫৪৭ এবং কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে। জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন ছিল ১ হাজার ৩৩২ মেগাওয়াট।

এ ছাড়া ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ১ হাজার ২৪ মেগাওয়াট, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ৮৬৪ মেগাওয়াট এবং নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে। হাইড্রো ও সৌরবিদ্যুৎ মিলিয়ে সরবরাহ ছিল ৪৫ মেগাওয়াট।

উৎপাদন না করলেও দিতে হবে ক্যাপাসিটি চার্জ

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ২৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি। চলতি বছরের গ্রীষ্মে সর্বোচ্চ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। তখনও প্রায় ১২ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের বাইরে রাখতে হয়েছিল বিপিডিবিকে। শীতকালে চাহিদা আরও কমলে মোট সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্র বসিয়ে রাখতে হবে।

বিদ্যুৎ উৎপাদন না করলেও এসব কেন্দ্রের বিপরীতে নিয়মিত ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া দিতে হয় বিপিডিবিকে। ফলে শীতের কারণে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও ব্যয় একই হারে কমবে না। অব্যবহৃত সক্ষমতার বিপরীতেও কেন্দ্র ভাড়া পরিশোধ করতে হবে। এতে বিদ্যুৎ খাতে আর্থিক চাপ বহাল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

/এফসি/