ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫০২ জনের মৃত্যু হলো।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবর মাসে ১৭৪ জন মারা যায়।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে একজন মারা গেছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪৫, ময়মনসিংহে ৬১, রংপুরে ৭১ ও সিলেটে ১১ জন রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬১৭ জন।

/এফসি/