চুল পড়া কমাতে খাবেন ১৪ খাবার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চুল পড়া কমাতে খাবেন ১৪ খাবার
প্রতীকী ছবি

মাথার চুল মানুষের সৌন্দর্য, আকর্ষণ এমনকি আত্মবিশ্বাস বৃদ্ধি করে থাকে। এজন্য অনেকেই চুল পড়া নিয়ে মানসিক টেনশনে ভোগেন। যদিও বয়সের সঙ্গে সঙ্গে চুল পড়া একটি সাধারণ প্রক্রিয়া। তবে বর্তমান সময়ে অনেকের কম বয়সে চুল পড়ার সমস্যা দেখা দেয়। অনিয়মিত জীবনধারা, মানসিক চাপ, সঠিক খাবার না খাওয়ার অভ্যাস ইত্যাদি চুল পড়া বৃদ্ধি করতে পারে। তাই চুল পড়ার সমস্যা কমাতে সঠিক যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি চুলের জন্য পুষ্টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, চুলের গোড়া মজবুত রাখতে বা চুল পড়া কমাতে সবচেয়ে জরুরি হলো ভেতর থেকে পুষ্টি জোগানো। এই পুষ্টি আসে খাবার থেকে। তাই সামান্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে, মেন্যুতে নিয়মিত কিছু পুষ্টিকর খাবার রাখলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক চুল পড়া কমাতে ও চুল ঘন করতে কোন খাবারগুলো নিয়মিত খাবেন-

বাদাম

যার চুল নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তারা প্রতিদিনের খাদ্যতালিকায় আখরোট, আমন্ড ও কাজুর মতো বাদাম রাখতে পারেন। এসব বাদামে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল রয়েছে। যা চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। পাশাপাশি চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।

চিয়া বীজ

চিয়া বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি চুলের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দই বা সালাদের সঙ্গে নিয়মিত চিয়া বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। সেইসঙ্গে চুল পড়া কমাতে সাহায্য করে।

শিমের বীজ

চুল পড়া কমাতে এবং ঘন করতে চাইলে নিয়মিত শিমের বীজ খেতে পারেন। এতে প্রচুর প্রোটিন রয়েছে, যা চুলের গঠন ও বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।

পনির

অনেকেই আছেন যারা নিরামিশ ভোজন করেন। তাদের জন্য প্রোটিনের একটি ভালো উৎস কটেজ চিজ। এতে উচ্চমানের প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে। যা চুলের গঠনের জন্য অপরিহার্য। এর ক্যালসিয়াম ও প্রোটিনের সংমিশ্রণ সরাসরি আপনার চুলের গঠনগত অখণ্ডতা বজায় রাখতে সহায়ক। এটি চুলের জন্য প্রয়োজনীয় কেরাটিন সংশ্লেষণে সহায়তা করে।

মেথি বীজ

মেথির বীজে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে রয়েছে। এটি চুল পড়া বন্ধ করতে বড় ভূমিকা পালন করে।

পালং শাক

ভিটামিন এ-এর বড় উৎস পালং শাক। এই ভিটামিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং মাথার ত্বক সুস্থ রাখে। এজন্য চুল পড়া কমাতে পালং শাক অত্যন্ত কার্যকর।

ডিম

চুলের যত্নে বড় উপকারী খাদ্য হলো ডিম। এতে প্রোটিন, বায়োটিন, ভিটামিন বি১২, আয়রন, জিংক এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ভিটামিন এবং খনিজগুলোর মধ্যে যে কোনো একটির অভাব হলেও চুলের গুণমান খারাপ হতে পারে। তাই চুল পড়া বন্ধ করতে খাদ্য তালিকায় নিয়মিত ডিম রাখা জরুরি।

ওটস

ওটসে ফাইবার, জিংক, আয়রন এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড ত্বক ভাল রাখে। পাশাপাশি চুলের বৃদ্ধিতেও অত্যন্ত জরুরি। তাই প্রতিদিনের খাবার তালিকায় ওটস রাখতে পারেন।

আমলকি

আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলকে ভেতর থেকে শক্তিশালী করে।

অঙ্কুরিত মুগ ডাল

অঙ্কুরিত মুগ ডালে উদ্ভিজ্জ প্রোটিন, বায়োটিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা গোড়া থেকে চুল শক্তিশালী করতে সাহায্য করে। তাই খাবার তালিকায় নিয়মিত অঙ্কুরিত মুগ ডাল রাখতে পারেন।

গাজর

গাজর কেবলমাত্র চোখের ক্ষেত্রে নয়, এটি ত্বক এবং চুলের জন্যও অত্যন্ত উপকারী। গাজর প্রচুর ভিটামিন-এ রয়েছে। এটি স্ক্যাল্পে পুষ্টি সরবরাহ করে। চুলের গোড়া শক্ত হয়, চুলকে ময়শ্চারাইজড রাখে। তাই বলা যায়, চুল পড়া কমাতে গাজর একটি আদর্শ খাবার।

লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট

চুলের বৃদ্ধির ক্ষেত্রে প্রোটিন ও ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই আপনার প্রতিদিনের খাবার তালিকায় দই কিংবা পনির অন্তর্ভুক্ত করুন। ভালো ফল পেতে জিংক এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট কিংবা ফ্ল্যাক্সসিডও যোগ করতে পারেন।

মিষ্টি আলু

মিষ্টি আলু ভিটামিন-এ এবং বিটা-ক্যারোটিন রয়েছে। এগুলো আপনার চুলকে সুস্থ এবং প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে। তাই খাদ্যতালিকায় মিষ্টি আলু অন্তর্ভুক্ত করতে পারেন।

সবুজ কড়াইশুঁটি

সবুজ কড়াইশুঁটি ভিটামিন বি, জিংক এবং আয়রন রয়েছে। সুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যান্য শাকসবজির পাশাপাশি, সবুজ কড়াইশুঁটিও অন্তর্ভুক্ত করতে পারেন।

তবে অতিরিক্ত চুল পড়া কমাতে প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

/জেএইচ/