কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বক পেতে খাবেন যেসব খাবার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বক পেতে খাবেন যেসব খাবার
প্রতীকী ছবি

বিটিএসের কল্যাণে বিশ্বব্যাপী আলাদা পরিচিতি পেয়েছে কোরিয়া। এছাড়া কোরিয়ান ড্রামার কারণেও দেশটির সুনাম ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জেন-জিদের মধ্যে এই ক্রেজ বেশি দেখা যায়। তবে অনেকের মনে আলাদা আকর্ষণ তৈরি করেছে কোরিয়ান নারীদের সৌন্দর্য। অনেকেই তাদের উজ্জ্বল ত্বক ও রূপের রহস্য জানতে চান। এজন্য বিশ্বজুড়ে এখন কে-বিউটির রমরমা অবস্থা। তবে সুন্দর ত্বক পেতে শুধু রূপচর্চাতেই নয়, ডায়েটের দিকেও বাড়তি নজর দেন তারা। পেটের সঙ্গে ত্বকের যোগ রয়েছে, এজন্য সবার আগে পেটের খেয়াল রাখা জরুরি। কোরিয়ানদের মতো টানটান ও সুন্দর ত্বক পেতে কী করণীয়, চলুন জেনে নেওয়া যাক-

ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া

ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতার জন্য খুবই কার্যকর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে ভূমিকা রাখে। কোরিয়ানরা নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। তাদের খাদ্যতালিকায় সাইট্রাস ফল, বেরি ও সবুজ শাকসবজি বেশি থাকে।

কোলাজেন সমৃদ্ধ খাবার

কোলাজেন হলো এক ধরনের প্রোটিন। এটি ত্বক তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ত্বক, চুল এবং নখ সুস্থ রাখতে সাহায্য করে। কোরিয়ানরা তাদের বিউটি ডায়েটে কোলাজেন সাপ্লিমেন্ট রাখেন। এটি ত্বকের স্থিতিস্থাপকতা ও হাইড্রেশন বাড়াতে দারুণভাবে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বকের বলিরেখা কমাতেও এটি ভূমিকা পালন করে।

ওমেগা থ্রি সাপ্লিমেন্টের ব্যবহার

স্যামন ও ম্যাকেরেলের মতো ফ্যাটযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। কোরিয়ানরা নিয়মিত মাছ খান না, এজন্য অনেকেই ওমেগা থ্রি সাপ্লিমেন্ট নেন।

এছাড়া তারা নিয়মিত চাল ধোয়া পানি দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করেন। চাল ধোয়া পানি ত্বক টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে। এতে ত্বকের বলিরেখা দূর হওয়ার পাশাপাশি পিগমেন্টেশনের সমস্যাও কমে। এছাড়া ভাতের মাড় দিয়ে চুল ধুলে চুল চকচকে হয় এবং চুল পড়াও কমে।

/জেএইচ/