মক্কা চুক্তিতে আরও দেশ যোগ দেওয়ার সুযোগ রয়েছে: পাকিস্তান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কা চুক্তিতে আরও দেশ যোগ দেওয়ার সুযোগ রয়েছে: পাকিস্তান
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি পুরোপুরি একটি প্রতিরোধমূলক ও আত্মরক্ষণাত্মক চুক্তি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এ জোটে আরও নতুন অংশীদার যুক্ত হওয়ার সুযোগও খোলা রয়েছে।

এ সামরিক মুখপাত্রের মতে, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের ত্রিপক্ষীয় চুক্তি কোনো ধর্মভিত্তিক অক্ষ হিসেবে গড়ে তোলা হয়নি। এটি মূলত আঞ্চলিক স্থায়িত্ব, অনাগ্রাসন ও সম্মিলিত প্রতিরোধের নীতিতে প্রতিষ্ঠিত একটি নিরাপত্তা কাঠামো। তিনি উল্লেখ করেন, এ জোটের পরিধি বাড়ানো হবে কি না কিংবা নতুন কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত যৌথভাবে এ তিন দেশের শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান স্পর্শকাতর ভূ-রাজনীতির প্রেক্ষাপটে সেনা মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের এ প্রতিরক্ষা চুক্তি পার্শ্ববর্তী দেশ ইরানের সঙ্গে ইসলামাবাদের বিদ্যমান সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। পাকিস্তান সবসময় প্রতিটি দেশের সঙ্গে নিরপেক্ষ এবং দ্বিপাক্ষিক ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেমন চীন বা ইরানের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলে না, তেমনি মধ্যপ্রাচ্যের এ নতুন সমীকরণও তেহরানের স্বার্থ বিঘ্নিত করবে না। ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সুসম্পর্ক আগের মতোই অটুট থাকবে।

বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে সীমান্তবর্তী নিরাপত্তা ও উত্তেজনার বিষয়ে কথা বলতে গিয়ে সেনা মুখপাত্র জানান, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানি সামরিক বাহিনী সম্পূর্ণ সক্ষম ও সতর্ক রয়েছে।

সূত্র: আল আরাবিয়া

/এমএকে/