পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
রাবিয়া আহসান

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা হত্যা মামলা তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় আদিয়ালা রোডের বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তার গলায় নিচের দিকে গুলির ক্ষত ছিল।

এক বিবৃতিতে রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী সংবাদমাধ্যম ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশ স্বামী আহসানকে হেফাজতে নিয়েছে। ঘটনার সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সোখেরা বলেন, আহসানের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন অস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

বিবৃতি অনুসারে, তাদের বাড়ির একজন পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, নিহতের স্বামী বলেছেন গুলিটি দুর্ঘটনাবশত ছিটকে গিয়েছিল।

সোখেরা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কক্ষ থেকে উদ্ধার করেছি।’ এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

আসিফা ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া কর্মকর্তা হিনা জাভেদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন, যাকে আগস্ট মাসে রাওয়ালপিন্ডির বাসভবনে নির্যাতনের চিহ্নসহ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

তিনি জোর দিয়ে বলেন, ‘এই ধরনের ঘটনাগুলোর জন্য গভীর মনোযোগ এবং জবাবদিহিতা প্রয়োজন। নারীরা যেন জীবনের ভয় ছাড়াই বাঁচতে এবং কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।’

সূত্র: ডন

/জেএইচ/