৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত
প্রতীকী ছবি

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার (১৫ নভেম্বর) রাতে এই ভূ-কম্পন অনুভূত হয়।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার দিবাগত গভীর রাত ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির হিসাবে, এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং কেন্দ্রস্থল ছিল ১৭৯ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটি জানায়, আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।

এর আগে, গত ২৫ অক্টোবর আফগানিস্তানের একই অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে ওই সময়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছিল তালেবান সরকার।

/এফআর/