ইরানের পারমাণবিক নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের পারমাণবিক নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র বর্জনের বিষয়ে তেহরানের দীর্ঘদিনের অবস্থানে কোনো ধরনের পরিবর্তনের বিরোধিতা করছে চীন ও রাশিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরানের পারমাণবিক নীতি নিয়ে দেশটির ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই দেশটির রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, আত্মরক্ষার স্বার্থে ইরানের পারমাণবিক নীতি বদলে অস্ত্র তৈরির পথে হাঁটা উচিত।

এ প্রসঙ্গে আরাঘচি বলেন, এমন অনেকে আছেন যারা মনে করেন দেশের পারমাণবিক নীতি বর্তমান রূপেই বজায় রাখা উচিত, আবার অন্যরা এটি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও কারণ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর মতে, বিষয়টি বেশ ব্যাপক ও গুরুতর এবং এর পক্ষে-বিপক্ষে অনেক সমর্থক ও বিরোধী রয়েছেন। তবে কৌশলগত চুক্তিতে আবদ্ধ দুই মিত্র দেশও এ নীতি পরিবর্তনের পক্ষে নয়। আরাঘচি জানান, ইরানের নীতি পরিবর্তনের ব্যাপারে রাশিয়া ও চীন বিরোধীতা করছে।

ইরানের শীর্ষ নেতারা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করে আসছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজে বাধা দেওয়া এবং শান্তিপূর্ণ ব্যবহারের সীমা ছাড়িয়ে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে তেহরানকে সন্দেহের চোখে দেখে। দেশটির নেতাদের ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানও এ উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

সব জল্পনার অবসান ঘটিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন আরাঘচি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ পর্যন্ত আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং আমাদের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/