ফটিকছড়িতে যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলা, ৩০ গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ফটিকছড়িতে যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলা, ৩০ গাড়ি ভাঙচুর
হামলার সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। এ সময় মিছিলে অংশ নেওয়া ২০ থেকে ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। আরও পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুন দেওয়ারও ঘটনা ঘটে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নানুপুর বাজার এলাকায় প্রকাশ্যে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে আজ (শনিবার) যুবদল মিছিল বের করলে কিফায়েতনগর এলাকায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এতে অতর্কিত হামলা চালান।

বিএনপি নেতাকর্মীরা দাবি, এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি ছিনিয়ে নেওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

/এফআর/