শিরোনাম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইয়েমেন

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইয়েমেন
ক্ষেপণাস্ত্র

বৈরুতে হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানের পর এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর ফলে ইসরায়েলি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, গুশ দান ও জেরুজালেমসহ মধ্য ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলার জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই অভিযাত শাখা জানিয়েছে, বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে’।

ইসরায়েলের স্থানীয় সময় রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।

এর জবাবে ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে’।

আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত শনিবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে ৪ শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর প্রতিবাদে এই হামলা চালালো ইরান।

এর আগে ইরান সতর্ক করেছিল, ইসরায়েল যদি বৈরুতে হামলা চালায়, তবে তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, ‘আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলোম। তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক।’

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এক এক্সবার্তায় বলেছেন, ‘তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।’

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, সিএনএন, রয়টার্স

/জেএইচ/