শিরোনাম

জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলায় ৯ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলায় ৯ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পরিচালিত এ হামলার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। ঘটনাটির বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে তারা জানায়, ইরানি হামলায় বিমানঘাঁটিটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত তা মেরামত করে আবারও পরিষেবায় ফিরিয়ে আনা হয়। তবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ওয়ারথগ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট আক্রমণকারী বিমান। আঘাতে বিমানটির একটি ডানা খসে পড়ে।

এর আগে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন, জর্ডানে করা ইরানের হামলাটি ছিল একেবারে অকার্যকর এবং ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা নিরাপদ আছেন। তবে সিবিএস-এর প্রকাশিত প্রতিবেদন সেই দাবির সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে নিয়ে এল।

এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। জর্ডান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পেছনে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) অবশ্য আগেই জানিয়েছিল, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: সিবিএস নিউজ

/এমএকে/