ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক কষছে ইরান-সিএনএনের এমন প্রতিবেদনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ৭ জন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি দাবি করেছে, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে এমন হামলার বিকল্প পরিকল্পনা তৈরি করছে তেহরান।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে ভিন্ন কথা। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিএনএন এ দাবির স্বপক্ষে শক্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তাছাড়া হামলাটি খুব শিগগিরই ঘটতে যাচ্ছে, এমন কোনো তথ্যও মেলেনি। সূত্রগুলো এটিকে কেবল সম্ভাব্য বিকল্প পরিকল্পনা হিসেবেই দেখছে। এক সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা এমন কিছু বিষয় শনাক্ত করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে বোমা তৈরির উপকরণ হয়তো যুক্তরাষ্ট্রের ভেতরেই মজুত করা হয়েছে। যদিও এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপরই নজর রাখা হচ্ছে, তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বিশ্বাসযোগ্য কোনো হামলার আশঙ্কা নেই। অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন এ অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে একে ‘মিথ্যা ও সাজানো’ বলে অভিহিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই এমন খবর সামনে এল। একই সময়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।

আলোচনার কেন্দ্রে থাকা এই ‘ডার্টি বোমা’ আসলে ‘রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস’। এতে ডিনামাইটের মতো সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়। বিস্ফোরণ ঘটলে প্রচলিত ক্ষয়ক্ষতির পাশাপাশি চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমার মতো এতে সমৃদ্ধ ইউরেনিয়াম বা জটিল চেইন রিঅ্যাকশনের দরকার হয় না। হাসপাতাল, গবেষণাগার বা কলকারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান দিয়েই এটি বানানো যায়। ফলে এটি তৈরি করা সস্তা ও সহজ। পাশাপাশি এর ধ্বংসক্ষমতাও পারমাণবিক বোমার তুলনায় অনেক কম।

বিস্ফোরণের পর আশপাশের দূষিত ধুলাবালি নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকলেই মূল স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তবে বাতাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তেজস্ক্রিয়তার ঘনত্ব ও ক্ষতিকর প্রভাব কমতে থাকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের তথ্যমতে, বেশিরভাগ ডার্টি বোমা তাৎক্ষণিকভাবে শহরের এক বা দুটি ব্লক দূষিত করতে পারে, যদিও বাতাসের কারণে কণাগুলো কয়েক বর্গমাইল পর্যন্ত ছড়ানোর আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রে ব্যাপক প্রাণহানির শঙ্কা কম। ২০০২ সালে মার্কিন সিনেটে তৎকালীন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রিচার্ড মেসার্ভ জানিয়েছিলেন, এমন হামলায় মৃত্যুর সংখ্যা সাধারণত কয়েক ডজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, শত শত বা হাজারে নয়। স্বাধীন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক তালহা আবদুলরাজাক আল-জাজিরাকে বলেন, ডার্টি বোমার মূল প্রভাব হলো আতঙ্ক, বিশৃঙ্খলা আর তেজস্ক্রিয় দূষণ। তার ভাষায়, এ কারণেই বিশেষজ্ঞরা একে ‘গণবিধ্বংসী অস্ত্র’ না বলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টিকারী অস্ত্র হিসেবেই দেখেন।

শুধু ইরান নয়, বিশ্বের অনেক রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীরই এ সামর্থ্য রয়েছে। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের স্কট রোকার ২০২২ সালে বলেছিলেন, ডার্টি বোমা তুলনামূলকভাবে ‘খুব সহজে’ তৈরি করা সম্ভব, কারণ চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেজস্ক্রিয় উৎস অনেক দেশেই সহজলভ্য এবং প্রাথমিক মানের একটি ডিভাইস বানাতে খুব উন্নত প্রযুক্তির প্রয়োজন পড়ে না।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব বলছে, ২০২৫ সালের জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক জাসেক সিয়েভিয়েরা মনে করেন, এ মজুত পারমাণবিক বোমার জন্য যথেষ্ট না হলেও নাশকতার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের এ মজুতের ওপর এখন কার নিয়ন্ত্রণ আছে তা আন্তর্জাতিক সংস্থাগুলোর অজানা। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেই দুর্বল তেজস্ক্রিয় উৎস হওয়ায় ডার্টি বোমায় এটি তেমন কার্যকর নয়। তাছাড়া কয়েক দশকের চেষ্টায় জমানো ইউরেনিয়াম তেহরান এভাবে নষ্ট করবে বলেও মনে করেন না বিশ্লেষকরা।

প্রতিরক্ষা বিশ্লেষক তালহা আবদুলরাজাক মনে করেন, ফোরদো ও নাতাঞ্জে মার্কিন হামলার পর ইরানের সক্ষমতা কমলেও তা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে ১০ হাজার কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানার মতো কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ইরানের নেই। তাই ওয়াশিংটনে হামলা চালাতে হলে তাদের গোপন চোরাচালান নেটওয়ার্ক বা সংগঠিত অপরাধচক্রের সাহায্য নিতে হবে। আবদুলরাজাকের মতে, সক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ব্যবহারের কোনো ইচ্ছা ইরানের আছে- এমন প্রকাশ্য প্রমাণ নেই বললেই চলে। কারণ এমন কিছু করলে তেহরানের অবশিষ্ট কূটনৈতিক গ্রহণযোগ্যতাটুকুও ধূলিসাৎ হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের ভয়াবহ সামরিক পাল্টা হামলার মুখে পড়তে হবে।

সূত্র: সিএনএন

/এমএকে/