‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে শিক্ষা হিসেবে নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা কেউই প্রত্যাশা করেন না। বিষয়টি নিয়ে সৌদি সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশন আগে থেকে অবগত ছিল না বলেও জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য না জানানোয় এখনই কোনো মন্তব্য করতে চান না তিনি।

প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, অনেক কষ্টে নিজেদের অর্থ ব্যয় করে মানুষ বিদেশে কাজ করতে যান। তাই যে দেশে থাকবেন, সে দেশের আইন-কানুন মেনে চলা সবার জন্য জরুরি।

প্রতিমন্ত্রী জানান, শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইন অনুযায়ী আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি সরকারের জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে তাদের মরদেহ কবে এবং কীভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়েও তখন নিশ্চিত হওয়া যাবে।

/এমআর/