শিরোনাম

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ‘হুমকি’ বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার অভিযান ও সংঘটিত গণহত্যার পর নেতানিয়াহু মূলত ‘মানবতার শত্রুতে’ পরিণত হয়েছেন। বিশ্বব্যবস্থার চরম বিপর্যয় ঘটার আগেই তার এই আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুর আক্রমণাত্মক কৌশলের খেসারত কেবল ফিলিস্তিনিদেরই দিতে হচ্ছে না। এর বিরূপ প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো বৈশ্বিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর। তাই পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশ্বনেতাদের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা আক্রমণ, বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি এবং চরম মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। মধ্যপ্রাচ্যের এ সংকট নিয়ে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ শীর্ষ কর্মকর্তারা নেতারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিনিদের ওপর চরম অপরাধ সংঘটনের দায়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন।

হাকান ফিদানের এ বক্তব্যে তুরস্কের সেই শক্ত অবস্থানটিই আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি মূলত বিশ্ববাসীকে এটিই বোঝাতে চেয়েছেন, নেতানিয়াহুর নীতিকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন আন্তর্জাতিক শান্তির জন্য এক চ্যালেঞ্জ।

সূত্র: আল জাজিরা

/এমএকে/