ইয়েমেনে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ১৬৮ হুথি সদস্য নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইয়েমেনে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ১৬৮ হুথি সদস্য নিহত
যুদ্ধবিমান থেকে হুথির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা

ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে হুথির অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে ৯টি বিমান হামলা চালানো হয়েছে। আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে চালানো হয় এসব হামলা।

তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা ও সংঘর্ষে ১৬৮ জন হুথি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।

এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের এ ঘোষণার আগে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল সা'দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরবের দুটি বিমান হামলার খবর প্রকাশ করে।

/এসবি/