শিরোনাম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নতুন করে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, নাবাতিয়া প্রদেশের আব্বা গ্রামে একটি আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো হামলায় ৭৮ বছর বয়সী বৃদ্ধা নাজিয়া হাসান রাম্মাল এবং তার ১১ বছর বয়সী নাতি ফদল ওহাব তারহিনি ঘটনাস্থলেই নিহত হন। এ হামলায় তাদের বসতবাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে থাকা আরও চারজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে, নাবাতিয়ার জারজুয়া পৌরসভা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো পৃথক একটি হামলায় আলী নাঈম মুসা ও নিদাল নাঈম মুসা নামে দুই ভাই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবানন জুড়ে চলমান এ ধারাবাহিক হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/