শিরোনাম

লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ১৬

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ১৬
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি। ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি ও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাজুড়ে ইসরায়েলি বিমান হামলা এবং গুলিবর্ষণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত ও নিখোঁজ হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, রাতভর চালানো এই হামলা ছিল যুদ্ধবিরতির পর সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সবচেয়ে তীব্র হামলা। মধ্যরাতের পর থেকে একাধিক বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালায় ইসরায়েল।

এনএনএ জানিয়েছে, নাবাতিহ শহরের পাশাপাশি কেফার জুজ, কেফার রেমান এবং জেবদিনসহ আশেপাশের বেশ কয়েকটি শহরে কামানের গোলা নিক্ষেপ করার খবর পাওয়া গেছে। পরে কেফার তিবনিত এবং রায়হান পাহাড়ি এলাকায়ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, নাবাতিহ ও হারউফে অন্তত ৮ জন নিহত হয়েছে। আল-শারকিয়া এবং দুয়েইরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া কেফার স্যার শহরে একটি হামলায় ৩ জন নিহত হয়েছে।

ডুইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/