শিরোনাম

মহান স্বাধীনতা দিবস আজ

বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে জাতি

নিজস্ব প্রতিবেদক
বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
জাতীয় স্মৃতিসৌধ। ছবি: সিটিজেন জার্নাল

একটি কালো রাত, কিছু অগ্নিঝরা শব্দ—তারপরই শুরু এক জাতির জেগে ওঠার গল্প। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, তখনই ইতিহাসের পাতায় লেখা হয় প্রতিরোধের অঙ্গীকার। এই অঙ্গীকারের মধ্য দিয়েই সূচনা হয় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বাধীনতা যুদ্ধের।

এরপর কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ ও ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ পায় লাল-সবুজ পতাকা, একটি বহুলকাঙ্ক্ষিত স্বাধীন দেশ। আজ সেই ২৬ মার্চ, ৫৬তম স্বাধীনতা দিবস। জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সেই বীর সন্তানদের। এর মাধ্যমে নতুন প্রজন্মকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার ইতিহাস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ প্রত্যুষে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সাজানো হবে।

আজ সরকারি ছুটি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে। দেশের সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাধারণত বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মাথায় রেখে এবার কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি এক বাণীতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দল-মত-পথ নির্বিশেষে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বিএনপির কর্মসূচি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ফাতেহা পাঠসহ দোয়া করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হবে।

সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

জামায়াতের কর্মসূচি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে।

/এফসি/