শিরোনাম

শত্রুর যেকোনো হুমকি রুখে দিতে প্রস্তুত ইরানি বাহিনী: কমান্ডার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শত্রুর যেকোনো হুমকি রুখে দিতে প্রস্তুত ইরানি বাহিনী: কমান্ডার
ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি

সেনাবাহিনীর ১৬তম আর্মার্ড ডিভিশনের যুদ্ধপ্রস্তুতি ও সামরিক সক্ষমতা পরিদর্শনকালে দেশের সীমান্তরক্ষায় নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি। তিনি জানিয়েছেন, শত্রুপক্ষের যেকোনো ধরনের আগ্রাসন বা হুমকি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে তাদের স্থলবাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত।

পরিদর্শনকালে সামরিক তৎপরতা তুলে ধরে জেনারেল জাহানশাহি জানান, সীমান্তজুড়ে বাহিনীর ইউনিটগুলো সক্রিয় রয়েছে এবং দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সেনারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে। তিনি বলেন, শত্রুর অব্যাহত গোলাবর্ষণের মধ্যেও সামরিক সদস্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত কৌশলগত অবস্থানে পৌঁছাতে ও মোতায়েন হতে সক্ষম হয়েছিল।

প্রতিপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির তোয়াক্কা না করেই এ প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানি এ কমান্ডার জানান, ড্রোন, যুদ্ধবিমান ও গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে যখন তাদের গতিবিধি কড়া নজরদারিতে রাখা হয়েছিল, ঠিক সেই সময়েই বিপুল সৈন্য, সরঞ্জাম ও গোলাবারুদের মতো বড় ধরনের স্থানান্তর কাজ সফলভাবে সম্পন্ন করা হয়। চরম প্রতিকূলতার মাঝেও সেনাসদস্যরা উচ্চ মনোবল নিয়ে সীমান্তে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, সীমান্তে বাহিনীর এ দৃশ্যমান উপস্থিতি একদিকে যেমন দেশের সাধারণ মানুষের জন্য বড় আশ্বাসের জায়গা, অন্যদিকে শত্রুপক্ষকে যেকোনো দুঃসাহস দেখানো থেকে বিরত রাখতে শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করছে। এই অদম্য প্রস্তুতি প্রমাণ করে, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একচুল ছাড় দিতেও নারাজ।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/