যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিলো ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিলো ইরান
দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র মহড়া, ১৭ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: রয়টার্স

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলার এটিই প্রথম দাবি।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার ঘটনা ঘটে। এরপর সেখানে দফায় দফায় বিস্ফোরণ হয়।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এ হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ তাদের আকাশপথে উস্কানিমূলক অতৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইরানের অভিজাত এই বাহিনী আরও জানিয়েছে, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। পরে তা সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

প্রতিশোধ নিতে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল সীমিত করার চেষ্টা করছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে।

এদিকে ইরানের নতুন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল জাজিরা, দ্য জেরুজালেম পোস্ট

/জেএইচ/