শিরোনাম

যুদ্ধের ময়দান ছাড়বে না হিজবুল্লাহ: নাইম কাসেম

সিটিজেন ডেস্ক
যুদ্ধের ময়দান ছাড়বে না হিজবুল্লাহ: নাইম কাসেম
হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানিয়েছেন, তাদের হাতে থাকা অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনার অংশ হতে পারে না এবং এটি সম্পূর্ণ লেবাননের একটি অভ্যন্তরীণ বিষয়। এক ভাষণে তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধের ময়দান ছেড়ে কোথাও যাবে না, বরং তারা লেবাননকে ইসরায়েলি বাহিনীর জন্য এক জ্বলন্ত জাহান্নামে পরিণত করবে।

কাসেমের মতে, লেবাননের অস্ত্রশস্ত্র, প্রতিরোধ আন্দোলন কিংবা দেশটির অভ্যন্তরীণ বিষয়াবলীর ব্যবস্থাপনার ব্যাপারে বাইরের কারও কোনো কথা বলার অধিকার নেই। তিনি উল্লেখ করেন, এ সশস্ত্র অবস্থান শত্রুপক্ষের সাথে আলোচনার কোনো শর্ত নয়।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, হিজবুল্লাহ ৫টি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। যার মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করা, অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার, বন্দিদের মুক্তি, দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবর্তন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া। কাসেম জোর দিয়ে বলেন, লেবানন ৫ দফা লক্ষ্য অর্জন করার পর তার যাবতীয় শক্তি ও প্রতিরোধ যোদ্ধাদের কাজে লাগিয়ে একটি জাতীয় নিরাপত্তা কৌশলের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ বিষয়গুলো সংগঠিত করবে। মূলত সার্বভৌমত্ব রক্ষা এবং ইসরায়েলি দখলদারিত্ব নির্মূল করাই এখন দলটির প্রধান অগ্রাধিকার।

সূত্র: আল জাজিরা

/এমএকে/