শিরোনাম

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল

সিটিজেন ডেস্ক
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল
পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার জন্য পৌঁছানোর পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধিরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণ আগে আমি তাদের বলেছি—না, ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এখন সব কার্ড আমাদের হাতে। তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু শুধু অর্থহীন আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।’

এর আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাবেন। তিনি তখন বলেছিলেন, ইরান সরাসরি সংলাপে আগ্রহ দেখিয়েছে এবং প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদ সফর শেষ করেছে। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তেহরানের অবস্থান ও আপত্তিগুলো তুলে ধরেছে। বৈঠক শেষে দলটি একই দিন পাকিস্তান ত্যাগ করে।

যদিও হোয়াইট হাউস থেকে দাবি করা হয়েছিল, মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে, তেহরান সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

সূত্র: আল জাজিরা

/এমআর/