শিরোনাম

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রাম সংবাদদাতা
জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
জব্বারের বলীখেলায় জমজমাট ফাইনাল হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরীফ, ‘বাঘা’ শরীফ নামেই বেশি পরিচিত তিনি। শনিবার (২৫ এপ্রিল) লালদীঘি মাঠে ফাইনালে শরীফ হারিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী মো. রাশেদকে (রাশেদ বলী)।

বৈশাখের তপ্ত রোদ তবু দুপুর গড়াতেই লালদীঘি ঘিরে মানুষের ঢল নামতে শুরু করে। তিনটার দিকে বাঁশির শব্দে শুরু হয় বলীখেলা। এ বছর প্রতিযোগিতায় অংশ নেন ১০৮ জন বলী।

টুর্নামেন্টে প্রথম পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন আটজন। লটারির মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণের পর শুরু হয় আরও কঠিন লড়াই। সেখান থেকে চারজন জায়গা করে নেন সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনালে মিঠু বলীকে মাত্র দেড় মিনিটে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলী। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে হারিয়ে ফাইনালে যান বাঘা শরীফ। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে দীর্ঘ ১৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পান মিঠু বলী।

জমজমাট ফাইনাল

ফাইনালে মুখোমুখি হন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানারআপ রাশেদ বলী। শুরু থেকে লড়াই ছিল সমানে সমান। কখনো শরীফ এগিয়ে তো আবার রাশেদ দ্রুত সামলে নিচ্ছেন। লড়াই ঘিরে চারপাশে চিৎকার আর ঢোলের শব্দ।

২৫ মিনিট চলে ফাইনাল খেলা। শেষ দিকে এসে খেলার মোড় ঘুরে যায়। হঠাৎ কৌশল বদলে এগিয়ে যান শরীফ। রাশেদকে ভারসাম্য হারাতে বাধ্য করেন। সেই সুযোগে শক্ত এক চাল দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। রেফারির বাঁশি বাজতেই বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এর আগে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

শত বছরের ঐতিহ্য

১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে এই বলীখেলার সূচনা হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তরুণদের শক্তি ও সাহস জাগিয়ে তুলতেই শুরু হয়েছিল এই আয়োজন। ধীরে ধীরে তা চট্টগ্রামের মানুষের অন্যতম বড় উৎসবে পরিণত হয়।

/টিই/