শিরোনাম

ইরান যুদ্ধ: তেলের দাম বেড়ে ১১৫ ডলার

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ: তেলের দাম বেড়ে ১১৫ ডলার
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। দরপতন হয়েছে শেয়ারবাজারে।

সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১১৬ ডলার ১০ সেন্ট। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ১০২ ডলার ৩০ সেন্ট। তা ২ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলারের উপরে উঠেছে।

এসময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে। দাম বাড়ার এই প্রবণতা ব্রেন্টকে ইতিহাসে সর্বোচ্চ মাসিক বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ কমেছে এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি নেমেছে ৪ শতাংশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সপ্তাহর শেষে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে চলমান সংঘাতে যোগ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বাড়ি ও বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (২৯ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের তেলের দখল নিতে পারেন; প্রধান জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ব্যাপক অস্থির হয়ে ওঠে। বৈশ্বিক জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম আরও বেড়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের দিন ২৭ ফেব্রুয়ারি ব্রেন্টের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার। গত ১৮ মার্চ এ মানের তেলের দাম ১১৯ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

/এফসি/