শিরোনাম

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বিশিষ্টজনেরা তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ।

দিলারা হাফিজ গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ২১ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

/এফসি/