শিরোনাম

দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা করে ট্রাকচালক: র‌্যাব

যশোর সংবাদদাতা
দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা করে ট্রাকচালক: র‌্যাব
র‌্যাবের হাতে আটক ট্রাকচালক সুজাত আলী। ছবি: সংগৃহীত

৮ ঘণ্টা অপেক্ষা করে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা করে চালক: র‌্যাব

দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেন ট্রাকচালক সুজাত আলী। ঘাতক চালককে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় যশোর র‌্যাব-৬ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। এর আগে বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ডিজেল নিতে যান চালক সুজাত আলী। সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেন তিনি। তবে পাম্পে পর্যাপ্ত মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে সুজাত ম্যানেজারের সঙ্গে তর্কে লিপ্ত হন এবং দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

তদন্ত কর্মকর্তারা জানান, পাম্পের ডিউটি শেষ করে রাত ২টার দিকে ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং গুরুতর আহত হন জিহাদ মোল্লা। ঘটনার পর থেকেই চালক সুজাত আলী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে বাঘারপাড়ায় তার শ্বশুরবাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আটক সুজাত নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে। অন্যদিকে নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

রবিবার দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। নড়াইল ও যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সুজ্জাত আলী দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/জেএইচ/