শিরোনাম

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, হিজবুল্লাহর কর্মকর্তাসহ নিহত ১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, হিজবুল্লাহর কর্মকর্তাসহ নিহত ১২
লেবাননের বেকা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি হামলার পর উদ্ধার কাজ করছে স্থানীয়রা ছবি: রয়টার্স

লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

এনএনএর তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার রিয়াক শহরের একটি বহুতল ভবনে বিমান হামলায় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন ও অন্তত ৩০ জন আহত হয়েছেন একই সঙ্গে দক্ষিণ লেবাননের সিদন শহরের উপকণ্ঠে আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেকা উপত্যকার বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালায়।

এই বিষয়ে হিজবুল্লাহর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, নিহতদের মধ্যে তাদের দলের একজন সামরিক কর্মকর্তাও রয়েছেন।

অন্যদিকে আইন আল-হিলওয়ে ক্যাম্পে চালানো ড্রোন হামলার বিষয়ে ইসরায়েল জানায়, তারা হামাসের একটি কমান্ড সেন্টার ধ্বংস করেছে। তবে হামাস এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। ওই হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এনএনএর প্রাথমিক তথ্যের চেয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেক আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শরণার্থী শিবিরে হামলায় বিধ্বস্ত ভবনটি আগে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ব্যবহার কররেও বর্তমানে এটি মানবিক খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যায়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। যা ওই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে লেবানন সরকার। তাদের অভিযোগ, ইসরায়েল নিয়মিতভাবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে ও তাদের ভূখণ্ডের পাঁচটি এলাকা এখনো দখল করে রেখেছে। ফলে সীমান্ত এলাকার ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষ নিজ বাড়িতে ফিরতে পারছে না।

গত রবিবারও সিরিয়া সীমান্তের কাছে একই রকম ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। ইসরায়েল তাদেরকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) দলের সদস্য হিসেবে অভিহিত করেছে।

/বিবি/