শিরোনাম

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর
ইনসেটে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ছবি: সংগৃহীত

উত্তেজনার মধ্যে পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় তিনি বলেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত।

নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যেকোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে।

‘অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না’, যোগ করেন টাস্ক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনের পর টাস্কের এই সতর্কতা এলো। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনিদের ধারণার চেয়েও অনেক বেশি। খুব শিগগির কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা শুরু হতে পারে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতটি গত মাসে ভেনেজুয়েলায় চালানো একদিনের অভিযানের চেয়ে বড়, একটি যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা বেশি।

একই সূত্র এক্সিওসকে জানিয়েছে, এটি সম্ভবত একটি যৌথ মার্কিন-ইসরাইলি আক্রমণ হবে, যার পরিধি গত জুনের ১২ দিনের যুদ্ধের চেয়েও ব্যাপক হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনায় মার্কিন পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জারেড কুশনার এবং ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি অংশ নেন।

যদিও উভয় পক্ষই আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে, তবে বেশ কিছু সূত্র জানিয়েছে যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়ে গেছে।

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট

/জেএইচ/