১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশ করবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশ করবে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের লোগো

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে গতকাল সোমবার (২৬ অক্টোবর) ফেসবুকের কেন্দ্রীয় পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।

পোস্ট অনুযায়ী, হাদির প্রথম মৃত্যুবার্ষিকীতে শাহবাগ মোড়ের ‘হাদি চত্বরে’ এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচির সময়সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানায়নি সংগঠনটি।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের তৎকালীন মুখপাত্র ও সংগঠক শরিফ ওসমান বিন হাদি। ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ওঠে। পল্টন থানায় করা মামলাটি পরে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। ২০২৬ সালের ৬ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান শুটার হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

তবে মামলার তদন্তে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

সিআইডির সম্পূরক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা কয়েক দফা পিছিয়েছে। সর্বশেষ এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রধান অভিযুক্তদের ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তাঁদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। এ দাবিতে সরকারকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

/এমআর/