ক্রসফায়ারে হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া আইজিপিকে অপসারণ করতে হবে: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ক্রসফায়ারে হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া আইজিপিকে অপসারণ করতে হবে: এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

পুলিশের ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলটি আইজিপির বক্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার চালুর বিষয়ে আইজিপির বক্তব্য আইনের শাসন, সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী।

এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইজিপি বলেছেন, সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে। সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না বলে মন্তব্য করেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেওয়া আইজিপির এমন বক্তব্য সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

এনসিপি বলেছে, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিপীড়নের যে সংস্কৃতি চালু হয়েছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল তার অবসান ঘটানো। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ঢাকতে ক্রসফায়ারের কথা বলা প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্বের পরিচয়। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

আইজিপিকে অপসারণের পাশাপাশি পুলিশ প্রশাসনের সংস্কারের দাবিও জানিয়েছে এনসিপি। বিবৃতিতে বলা হয়, সরকারের কোনো বেআইনি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসন বাধ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনীকে বেআইনি চর্চা থেকে মুক্ত করে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

এ জন্য জুলাই সনদে বর্ণিত পথ অনুসরণ করে অবিলম্বে পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।

/এমআর/