‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইজিপি মো. আলী হোসেন ফকির ক্রসফায়ার নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন। তার এ ধরনের শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী সময়ে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দচয়ন হয়েছে। তিনি এ কথা বলেননি যে, ক্রসফায়ার করার নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন কিংবা নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি।

তিনি বলেন, আমরা চাই দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম না হোক। প্রয়োজনে গুম প্রতিরোধে আরও আইন হতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের সময়ে গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের বিষয়ে তদন্ত চলছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।

/এসবি/