৭৬ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৭৬ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট
জেরুজালেমে লিকুদ পার্টির নির্বাচনি সদর দপ্তরে বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের সাধারণ নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ততই বাড়ছে। তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট তাদের প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে এখনও বেশ খানিকটা দূরে।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে এবার ভোট দিয়েছেন রেকর্ড সংখ্যক ভোটার। গত কয়েক বছরে নেতানিয়াহু ইসরায়েলকে যেমন কট্টর ডানপন্থী রাজনীতির দিকে টানেন, তেমনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর অঞ্চলজুড়ে একের পর এক বড় ধরনের যুদ্ধ সামাল দিয়েছেন। তাই এবার ভোটারদের উপস্থিতি ছিল কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

এখন পর্যন্ত মোট ভোটের ৭৬ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এ ফলাফলে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে আছে দেখা যাচ্ছে। অন্যদিকে, রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন হলেও শক্ত অবস্থান তৈরি করা আইজেনকোটের বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৭টি আসন। এছাড়া কোনো জোটে না থাকা আরব দলগুলো পাচ্ছে ১৯টি আসন।

তবে নির্বাচন সংশ্লিষ্টদের মতে, পুরো ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এই সমীকরণে আরও পরিবর্তন আসতে পারে।

এর আগে ঘোষিত বুথফেরত জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। সেখানে বলা হয়েছিল, নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী শিবির এবং আইজেনকোটের বিরোধী জোট সমানে সমান লড়াই করছে এবং উভয় পক্ষই প্রায় ৫১টি করে আসন পেতে পারে। কিন্তু যেকোনো পক্ষকে সরকার গঠন করতে হলে যেখানে অন্তত ৬১টি আসনের প্রয়োজন।

সূত্র; টাইমস অব ইসরায়েল

/এমএকে/