শিরোনাম

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, সাংবাদিকসহ ৩০ ফিলিস্তিনি গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, সাংবাদিকসহ ৩০ ফিলিস্তিনি গ্রেপ্তার
অধিকৃত পশ্চিম তীরে ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাংবাদিকসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১৯ আগস্ট) এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দি সমিতি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দক্ষিণের হেবরন, উত্তর-পশ্চিমের কালকিলিয়া ও তুলকারেম, উত্তরের নাবলুস এবং দক্ষিণের বেথলেহেম অঞ্চলে এ অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তার অভিযানে সেনারা শুধু মানুষকে আটকই করেনি, তল্লাশির নামে বাড়িঘর ভাঙচুর করেছে।

ফিলিস্তিনি বন্দি সমিতি জানিয়েছে, গাজায় নির্বিচারে হামলার পাশাপাশি পশ্চিম তীরেও বেছে বেছে সাংবাদিকদের গ্রেপ্তার করছে ইসরায়েল। সত্য গোপন করা এবং ফিলিস্তিনিদের কণ্ঠ রোধ করার উদ্দেশ্যেই সংবাদকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান বলছে, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৪০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯৪ জন নারী এবং ৩৫০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া কোনো বিচার ছাড়াই ৩ হাজার ২৪৪ জনকে প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছে এবং ১ হাজার ৩২০ জনকে ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি হেফাজতে থাকা বন্দিদের নিয়মিত শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ চরম অবহেলা ও নির্যাতনের মুখে ইতোমধ্যে কারাগারে বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/