শিরোনাম

রাতেই ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
রাতেই ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু এজেন্সি

ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে বৃহস্পতিবার (১১ জুন) রাতেই দেশটিতে কঠোর সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে খুব শীঘ্রই তেহরানের খাড়গ দ্বীপসহ সব গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ারও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ লাগাতার অভিযানের মাধ্যমে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ সিংহভাগ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সক্ষমতা পুরোপুরি বিলুপ্ত করা হবে। ভেনিজুয়েলার তেল ক্ষেত্রের ওপর যেভাবে ওয়াশিংটন পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে অদূর ভবিষ্যতে ইরানের তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান তিনি। ট্রাম্পের দাবি, ভেনিজুয়েলার এ মডেলটি উভয় দেশের জন্যই চমৎকারভাবে কাজ করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো তীব্র হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকার পটভূমিতে মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক বক্তব্য সামনে এলো। তেহরানকে অবিলম্বে শান্তি চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় ওয়াশিংটন আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে। তিনি উল্লেখ করেন, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ইতোমধ্যেই অনেক বেশি সময় ক্ষেপণ করেছে এবং এর জন্য এখন তাদের চড়া মূল্য দিতে হবে।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এরপর থেকে চলমান কূটনৈতিক আলোচনাগুলোতে মূলত গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের স্থায়ী অবসান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি টেকসই ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/