পদ দেওয়ার নামে বিএনপি নেতার বিরুদ্ধে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
পদ দেওয়ার নামে বিএনপি নেতার বিরুদ্ধে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ
অভিযুক্ত কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। ফাইল ছবি

দলীয় বড় পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিরর কাছ থেকে এবার বিএনপির এক নেতা টাকা ও খাসি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম রমিজ উদ্দিন লন্ডনী। তিনি কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ঘটনায় গত সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনী।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তিনটি খাসি উপহার হিসেবে নিয়েছিলেন। কিন্তু বিদেশ চলে যাওয়ার কথা থাকায় মোসলেম কমিটিতে পদ না চেয়ে টাকা ফেরত চান। এ-সংক্রান্ত প্রমাণ মোসলেমের কাছে আছে।

অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

অডিওতে মোসলেম মোল্লাকে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে কথা বলতে শোনা যায়। মোসলেম মোল্লা জানান, তিনি গত রোববার মোসলেম মোল্লার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথোপকথনে মোসলেম মোল্লা বলেন, ‘ছোডো ভাইয়ের টাকাটা দিয়ে দিয়েন। কমিটির জন্য যে এক লাখ টাকা দিসিলাম, ৮০ হাজার–২০ হাজার—এই ট্যাকাডা আরকি! এহন আমি থাকবো না, আর কী হরমু কন।’

জবাবে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ‘আপনে অপেক্ষা করেন, কমিটি হইলে কমিটিতে নাম থাকবে তো। এমন তো না যে, না করছি।’

তবে দলীয় পদ দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রমিজ উদ্দিন লন্ডনী। তিনি প বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে দলীয় ও সামাজিকভাবে হেয়–প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। তিনি বলেন, তদন্ত করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি যাচাই-বাছাই করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/বিবি/