ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১
ফ্রান্সের একটি যুদ্ধবিমান

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সি জেলার উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-আয়ে এবং ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি অভিযান শেষে ফেরার পথে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এটি মিরাজ ২০০০ডি সিরিজের যুদ্ধবিমান।

এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমান চালক সহকারী) নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে।

কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁ মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। তিনি ফেসবুকের এক বিবৃতিতে জানান, ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধারকাজ চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি উদঘাটনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ

/জেএইচ/