শিরোনাম

নৌ-অবরোধ না তুললে ওমান সাগর কবরস্থান হবে: ইরান

সিটিজেন ডেস্ক
নৌ-অবরোধ না তুললে ওমান সাগর কবরস্থান হবে: ইরান

ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে না নিলে ওমান সাগরকে মার্কিন সামরিক বাহিনীর কবরস্থানে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি দেন। তিনি জানিয়েছেন, যেকোনো সংঘাতের মুখোমুখি হতে ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই মার্কিন অবরোধকে একটি যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এর উপযুক্ত মোকাবিলা করা তেহরানের বৈধ অধিকার। তিনি আরও বলেন, ওয়াশিংটন যত বেশিদিন ইরানের ওপর এই নৌ-অবরোধ দীর্ঘায়িত করবে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ক্ষতি তত বেশি বাড়বে।

চলমান উত্তেজনা ও যুদ্ধ শেষ করার আলোচনা প্রসঙ্গে রেজাই বলেন, ওয়াশিংটনকে এখন বাস্তবে প্রমাণ করতে হবে যে তারা আসলেই একটি বিশ্বাসযোগ্য পক্ষ। এখন সমস্ত দায় যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখ করে তিনি বলেন, একদিকে যেমন কূটনীতি অব্যাহত রয়েছে, তেমনি অন্যদিকে যেকোনো পরিস্থিতির জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত দাঁড়িয়ে আছে।

প্রসঙ্গত, ১৩ই এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে এ মার্কিন অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান তার দেওয়া শর্ত মেনে কোনো শান্তি চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে। তবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এমন কোনো চাপের কাছে কিছুতেই নতি স্বীকার করবে না।

সূত্র: আল জাজিরা

/এমএকে/