শিরোনাম

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত ৮

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত ৮
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (১৩ মে) রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে জিহ এলাকায় তিনটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলার শিকার গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনার কথা রয়েছে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যারা উত্তর ইসরায়েলে এবং লেবাননে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে, তারা এ আলোচনার তীব্র বিরোধিতা করেছে।

এর আগে মঙ্গলবার (১২ মে) হামলায় দুই প্যারামেডিকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণ ও বোমাবর্ষণে নিহতের মোট সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত লেবাননে ১০৮ জন জরুরি চিকিৎসা সেবা কর্মী ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও চিকিৎসা স্থাপনায় ১৪০টিরও বেশি ইসরায়েলি হামলার ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। ক্রমবর্ধমান এ সংঘাতের ফলে লেবানন জুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১০ লাখের বেশি, যা দেশটিতে একটি দীর্ঘমেয়াদী ও গভীর মানবিক সংকটের সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/