শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধে মার্কিন অভিযান সংকুচিত হচ্ছে, আর ইরান এগোচ্ছে কৌশলে

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধে মার্কিন অভিযান সংকুচিত হচ্ছে, আর ইরান এগোচ্ছে কৌশলে
মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংস্থা কাউন্সিল ফর আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিংয়ের (সিএএবিইউ) পরিচালক ক্রিস ডয়েল বলেছেন, শুরুতে ইরানে ওয়াশিংটনের অভিযানের লক্ষ্য ছিল অনেক বড়। কিন্তু এখন সেই অভিযান ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে, ইরান তুলনামূলকভাবে বেশি পরিকল্পিতভাবে ও কৌশলে এগোচ্ছে বলেও তিনি মনে করেন।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস ডয়েল বলেন, যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা ইরানের জন্য বড় সাফল্য। এর মাধ্যমে তেহরান দেখাতে চাইছে, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকেও চ্যালেঞ্জ করতে পারে।

তিনি বলেন, কয়েক সপ্তাহ আগেও ধারণা ছিল এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। কিন্তু এখন পরিস্থিতি উল্টো। যুদ্ধ শেষ তো হয়নি, বরং তা আরও জটিল হয়ে উঠেছে। এতে মনে হচ্ছে, ওয়াশিংটনের ভেতরে পরিষ্কার কোনো দিকনির্দেশনা নেই।

ডয়েলের ভাষায়, সাধারণত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়লে সময়ের সঙ্গে লক্ষ্য আরও বড় হয়। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটছে। শুরুতে কঠোর অবস্থান থাকলেও এখন যুক্তরাষ্ট্র বলছে, তারা সরকার পরিবর্তন চায় না। অর্থাৎ, তাদের মূল লক্ষ্য আগের তুলনায় ছোট হয়ে এসেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেখানে কিছুটা অগোছালো দেখাচ্ছে, সেখানে ইরান অনেক বেশি হিসাব করে এগোচ্ছে। প্রয়োজন হলে তারা সংঘাত আরও বাড়াতেও পারে।

ডয়েলের মতে, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে না পারে, তাহলে বিশ্বে তাদের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা আরও কমে যেতে পারে।

এই সংঘাতে এখন বড় প্রশ্ন—যুক্তরাষ্ট্র কী লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, আর ইরান কি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। সব মিলিয়ে এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রের লড়াই নয়; এটি প্রভাব, কৌশল এবং আন্তর্জাতিক অবস্থানেরও লড়াই হয়ে উঠছে।

/বিবি/