সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রবাসীদের উদ্দেশ্যে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির আইন কিংবা শৃঙ্খলার বিপক্ষে যায় এমন কোনো কিছু ফেসবুকে, ইউটিউবে বা এক্সে পোস্ট কিংবা ভিডিও আকারে আপলোড করা যাবে না। শুধু তাই নয়, এ ধরনের কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো কাগজ ভালোমতো না পড়ে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ দিতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে সাদা কাগজে কোনো অবস্থাতেই সই না করার কথা বলা হয়েছে।

নিজের ইকামা দিয়ে অন্য কারও নামে সিম কার্ড, গাড়ি বা যেকোনো জিনিসপত্র কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া এক মালিকের ইকামা দিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা, বিনা অনুমতিতে ব্যবসা চালানো বা অবৈধভাবে পানি বিক্রির মতো বিষয়গুলোকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, অপরিচিত বা পরিচিত কারও সঙ্গে অবৈধ লেনদেন এবং চাকরির ভুয়া লোভ থেকে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।

কনস্যুলেটের মতে, প্রবাসীরা যদি নিয়ম মেনে চলেন, তবে তাদের জীবন যেমন নিরাপদ ও স্বস্তিদায়ক হবে, তেমনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিও ইতিবাচক থাকবে।

/এমএকে/